মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় ইমাম সমিতির উপজেলা শাখার উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
রোববার তাড়াশ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আইনুল হক। জাতীয় ইমাম সমিতি তাড়াশ উপজেলা শাখার সভাপতি আবদুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, “ইমামগণ সমাজের সম্মানিত ব্যক্তি। তাদের দিকনির্দেশনায় সমাজ বদলে যাবে। সমাজ থেকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস দূর হবে।”
তিনি বলেন, মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় মূল্যবোধের আলোকে সুন্দর ও আদর্শ সমাজ গঠনে ইমামদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বক্তব্য দেন তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, স.ম. আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুবদলের আহ্বায়ক শাহ আলম ফকির, সদস্য সচিব রাজীব আহমেদ মাসুম, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, ইমাম মাওলানা আব্দুস সালামসহ আরও অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, আলেম-ওলামা এবং জাতীয় ইমাম সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।