নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মামুনের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ অক্টোবর (সোমবার) বিকেলে মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রাম থেকে শোডাউনটি শুরু হয়। এতে শত শত মোটরসাইকেল নিয়ে স্থানীয় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। সুশৃঙ্খল এই শোডাউনটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও গ্রাম প্রদক্ষিণ করে মাগুড়া বাজারে এসে শেষ হয়। শোভাযাত্রা চলাকালে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ প্রার্থী ও নেতাকর্মীদের করতালির মাধ্যমে স্বাগত জানান।
শোডাউনে মাগুড়া বিনোদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের প্রবীণ ও নবীন নেতাবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনসমাবেশ ও শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মামুন বলেন,
”আমি অতীতে উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে সুখে-দুঃখে সর্বদা মাগুড়া বিনোদ ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দল থেকে সমর্থন প্রত্যাশা করছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দল যদি আমাকে মূল্যায়ন করে এবং সমর্থন প্রদান করে, তবে সাধারণ জনগণের অপরিসীম ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হবো এবং মাগুড়া বিনোদ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
এসময় উপস্থিত নেতাকর্মীরা মামুনের সমর্থন ও বিজয়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।