তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের চন্ডিভোগ গ্রামে ২৯ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। জমির সীমানার ভেতরে প্রবেশ করে ২০ থেকে ৩০টি কলাগাছ ও অন্যান্য গাছ রোপণ এবং বাধা দিতে গেলে এক নারীকে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মোঃ মোতালেব নামে এক ব্যক্তি।
এ ঘটনায় মোতালেব ২৮ অক্টোবর তাড়াশ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মোতালেবের স্ত্রী মাহমুদা খাতুন তাঁর পৈতৃক সূত্রে চন্ডিভোগ মৌজায় ২৯ শতাংশ ভিটাজমির মালিক। জমিটি আরএস খতিয়ান নম্বর ৯৮ এবং দাগ নম্বর ১৭৯-এর অন্তর্ভুক্ত। অভিযোগকারীর দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা ওই জমি ভোগদখল করে আসছেন। জমির খাজনা-খারিজও পরিশোধ করা রয়েছে।
অভিযোগে উল্লেখ করা হয়, জমিটি নিজেদের বলে দাবি করে আব্দুল আজিজ, জাকির হোসেন দুলাল, শহিদুল ইসলাম ও সবুজ ফকিরসহ কয়েকজন দখলের চেষ্টা করে আসছিলেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করেও কোনো মীমাংসা হয়নি।
সর্বশেষ ২৭ অক্টোবর সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে মোতালেবের অনুপস্থিতিতে অভিযুক্ত ব্যক্তিরা জমির সীমানার ভেতরে প্রবেশ করে ২০ থেকে ৩০টি কলাগাছ রোপণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় খবর পেয়ে মোতালেবের ছোট বোন আনোয়ারা খাতুন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাঁকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মোতালেবের দাবি, এ ঘটনার পর তাঁর পরিবার জমি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে। জমির দখল নিয়ে আরও বিরোধের আশঙ্কায় তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মোতালেব তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে অভিযোগটি তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।