মোঃ জিপরুল হোসাইন
নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খালী এলাকার একটি খাল থেকে নিখোঁজ সিএনজিচালক মিলন মিয়া (৩০) নামে এক সিএনজিচালকের পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত পাঁচ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে স্থানীয় কৃষকরা খালের কচুরীপানার ভেতরে লাশটি দেখতে পায়ে পুলিশকে খবর দিলে তাড়াশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত মিলন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার জুমারবাড়ী জাঙ্গালিয়া গ্রামের সোলেমান আলীর ছেলে। তিনি পেশায় ভাড়ায় চালিত সিএনজি চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষিকাজ করতে গিয়ে কয়েকজন কৃষক খালের কচুরীপানার মধ্যে মরদেহটি দেখতে পায়ে পুলিশ কে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে বিষয়টি জানতে পেরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানান, গত ২ আগস্ট বগুড়া সদরের চারমাথা এলাকা থেকে যাত্রী নিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুরকা বেলতলা এলাকার উদ্দেশ্যে রওনা হন মিলন মিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মরদেহটি কয়েকদিনের পুরোনো হওয়ায় শরীরে পচন ধরে দুর্গন্ধ ছড়াচ্ছিল। নিহতের পরনে একটি টি-শার্ট ও ফুল প্যান্ট ছিল।
তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।