মোঃ জিপরুল হোসাইন নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জের তাড়াশে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে জলাতঙ্ক রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম সাইফ। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম, তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক ও প্রাণঘাতী রোগ। তবে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং নির্ধারিত টিকা নেওয়ার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে কুকুর, বিড়াল, বেজি, শিয়ালসহ অন্যান্য প্রাণীর কামড় বা আঁচড়ের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। আক্রান্ত স্থান দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বক্তারা আরও বলেন, জলাতঙ্ক প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পোষা প্রাণীকে নিয়মিত টিকাদান এবং প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।